সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে তোপধ্বনি, শহীদ মিনার ও মুক্তির মঞ্চে পুষ্পস্তবক অর্পন, সকল সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী, মির্জাপুর বাজার বণিক সমিতির উদ্যোগে বিজয় র্যালি, বীর মুক্তিযোদ্ধা, শিশু-কিশোর ও আগত অতিথিদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার আজ (১৬ ডিসেম্বর) টাঙ্গাইলের মির্জাপুরে মহান বিজয় দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, পুলিশ বাহিনী, স্কাউটস এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা কুচকাওয়াজ প্রদর্শন করেন। কুচকাওয়াজে অভিবাদন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, এ.এস.পি মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ ও মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান। অভিবাদন গ্রহনের পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগত অতিথি ও দর্শনার্থীদের সামনে মনোজ্ঞ ডিসপ্লে ও মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র প্রদর্শন করে।
এরপর ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/এম.সি