স্বপ্নের সোনার বাংলা গড়তে জাতীয় ঐক্য প্রয়োজন: ড. কামাল

গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, আমাদের অনেক রকম সমস্যা আছে। এগুলো মোকাবিলা করার জন্য সুষ্ঠু রাজনীতির প্রয়োজন আছে। একাত্তরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি, তা গড়তে জাতীয় ঐক্য, জনগণের ঐক্যের প্রয়োজন আছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করতে গেলে তিনি একথা বলেন।

গণফোরাম সভাপতি বলেন, স্বাধীনতাকে অসম্ভব মনে করা হতো, একাত্তরে সারা পৃথিবী বলেছে, বাংলাদেশ স্বাধীন হতে পারবে না। কিন্তু আমরা সেই অসম্ভবকে সম্ভব করেছিলাম।

‘আমাদের সবচেয়ে বড় অর্জন হলো স্বাধীনতা। জনগণের ঐক্যের শক্তিতে যেটা অর্জন করলাম। স্বাধীনতা অর্জনের পরে আমাদের কী কী লক্ষ্য, আমরা কী ধরনের সমাজ চাই, সমাজ পরিবর্তন চাই, ব্যবধান আছে ধনী এবং গরীবের মধ্যে, তা থেকে যদি আমরা মুক্ত করতে চাই সমাজকে, তাহলে সবাইকে এক হতে হবে। সমান সুযোগ সবাইকে নিশ্চিত করা উচিত, আত্মবিকাশের জন্য বঙ্গবন্ধু স্বাক্ষরিত সংবিধানেই এই চিত্রটি তুলে ধরা আছে। ’

ড. কামাল হোসেন বলেন, ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হলো ঐক্য, জনগণের ঐক্য। আর সুস্থ রাজনীতি…বিভক্তির রাজনীতি যদি হয়, তখন কিন্তু মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আমরা একে অন্যের পেছনে লেগে থাকি। কিন্তু মূল যে চ্যালেঞ্জগুলো আমরা সেগুলো মোকাবিলা করি না।’

রাজনীতিকে অসুস্থ রাজনীতিতে পরিণত করা হয়েছে জানিয়ে গণফোরাম সভাপতি বলেন, ‘দেশের রাজনীতিতে কালোটাকার অভিশাপ ঢোকানো হয়েছে। এই কালোটাকা সুস্থ রাজনীতিকে অসুস্থ রাজনীতিতে পরিণত করেছে। টাকা দিয়ে আমরা ভোট কিনছি। ভোটবাক্স ভর্তি করছি।’

গতকাল প্রকাশিত রাজাকারদের তালিকার বিষয়ে ড. কামাল হোসেন বলেন, ‘যারা এই জঘন্য অপরাধ করেছেন, তাদের দোষী চিহ্নিত করে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার কথা হচ্ছে, এত দেরি হলো কেন? ৫০ বছর পরে কেন? এ সরকার তো ১০ বছর ধরে আছে। এতদিন কী হলো? মানে এ ১০ বছরে কেন এটা সম্ভব হলো না? আরও ৫০ বছর লাগবে না-কি এগুলো করতে?’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর