৪৮তম বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৩৪ মিনিটে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এ সময় বিউগলের করুন সুরের সাথেতিন বাহিনীর একটি সুসজ্জিত দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় এসময়।

পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ ত্যাগ করার পরে শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এসময় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের সাধারণ মানুষ জাতির বীর সেনানীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে নিরাপত্তাজনিত কারণে গতকাল রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে এই মহাসড়কে যান চলাচল সীমিত করা হয় এবং রাত ২টার দিকে পুরোপুরিভাবে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক এবং সরকারের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদনকালে এসময় উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে