স্টেডিয়ামের খাবারে মুরগির কাঁচা মাংস!

খাবার নিয়ে কেলেঙ্কারির ঘটনা ঘটে গেল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মধ্যকার পার্থ টেস্টে। অস্ট্রেলিয়ার একতরফা পারফর্মেন্স ম্যাচে উত্তেজনা না ছড়ালেও স্টেডিয়ামের খাবারে অধাসেদ্ধ মুরগির মাংস পাওয়া যাওয়া নিয়ে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গেই অবশ্য সমস্ত খাবার ফিরিয়ে নিয়েচ অপটাস স্টেডিয়াম কর্তৃপক্ষ।  দর্শকদের উদ্দেশ্যে মাঠের জায়ান্ট স্ক্রিনে বড় বড় হরফে ফুটে উঠেছিল খাবার ফিরিয়ে দেওয়ার আহ্বান।  এরপর রীতিমতো ভিড় লেগে যায় স্টেডিয়ামের ক্যান্টিনে।

পার্থ টেস্টের চতুর্থ দিনে আজ রবিবার হুট করেই মাঠের জায়ান্টস্ক্রিনে একটি বার্তা ভেসে ওঠে। যাতে লেখা ছিল, ‘আপনি যদি আজ স্টেডিয়ামে কোনো স্যান্ডউইচ, রেপস বা সালাদ কিনে থাকেন তবে দয়া করে সেটা এখনই ওই আউটলেটেই ফেরত দিয়ে আসুন।’ পাশাপাশি যেসব খাবারে মুরগির মাংস রয়েছে, সেগুলোও ফেরত দিতে বলা হয়।  এই বার্তা দেখার সঙ্গে সঙ্গেই গ্যালারিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়।  দর্শকরা হুড়োহুড়ি করে ক্যান্টিনের দিকে ছুটতে থাকেন। যদিও কেউ এই খাবার খেয়ে অসুস্থ হননি বলে নিশ্চিত করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তাহলে এই ঘটনার শুরু হলো কীভাবে?

স্টেডিয়ামের এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের এক কর্মী একটি রেপে রান্না না হওয়া এক টুকরো মুরগির মাংস দেখেছেন।  এরপর আমরা সব রেপ সরিয়ে নিয়েছি সঙ্গে সঙ্গে।  সব খাবারই গুনে গুনে ফেরত নেওয়া হয়েছে।  খাবার খেয়ে অসুস্থ হওয়ার খবর আমরা এখনও পাইনি।  তবে সতর্কতা হিসেবে আগেভাগেই সব খাবার সরিয়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, ওই ঘটনার আগে ২০টি মুরগির রেপ বিক্রি হয়েছিল।  বিষয়টি নিয়ে শুরুতে উত্তেজনা ছড়ালেও পরে অবশ্য মজা করছেন সবাই। যেমন ক্রিকেট সাংবাদিক পিটার লালোর টুইট করেছেন, ‘বলতে না বলতে অপটাস স্টেডিয়ামে টয়লেটের সামনে লাইন লেগে গেছে!’

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর