যাচ্ছিলেন ছেলের বাইকে, বাস চাপায় প্রাণ হারালেন মা

রাজধানীর ফার্মগেট এলাকায় বাস চাপায় সখিনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।  আজ রোববার বিকেল পৌনে ৩টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই বাসটি জব্দ করে বাসচালককে আটক করেছে তেজগাঁও থানা পুলিশ।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আল-আমিন জানান, ছেলের মোটরসাইকেলে চড়ে খামারবাড়ির দিকে (ছেলের অফিসের দিকে) যাচ্ছিলেন মা সখিনা বেগম।  ফার্মগেট এলাকায় মোটরসাইকেলটি পৌঁছালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহনের (৩ নম্বর) একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।  এতে সখিনা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিস্ট হয়ে মারা যান। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিহতের ছেলের নাম শামীম আহমেদ।  তিনি সহকারী উপকৃষি কর্মকর্তা।  চাকরি করেন খামারবাড়ি।  তাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া।  তারা কারওয়ান বাজার এলাকা থেকে খামারবাড়ির দিকে যাচ্ছিলেন।  ঢাকায় তাদের বাসা বসুন্ধরা সিটির পেছনে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর