রাজধানীর ওয়ারলেস রোডের বনানী বিটিসিএলের টিএনটি মাঠে চলছে কুড়িয়ে পাওয়া প্লাস্টিক বোতলের ব্যতিক্রমী প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করতে রোববার (১৫ ডিসেম্বর) মাঠে আসেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
বিডি ক্লিন নামের একটি সংগঠন ৩০ লাখ শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ৩০ লাখ প্লাস্টিকের বোতল কুড়িয়ে তার রিসাইকেল নিশ্চিত করতে ব্যতিক্রমী প্লাস্টিক বোতলের প্রদর্শনীর আয়োজন করেছে।
এই প্রদর্শনী উদ্বোধন করতে এসে সংগঠনটির সদস্যদের সঙ্গে নিয়ে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন মেয়র। সেই ছবি তোলার জন্য যখন সবাই একত্রিত হচ্ছেন, সে সময় পাশে একজনের কাছে থেকে ক্যামেরা চেয়ে নিয়ে তাদের ছবি তুলতে থাকেন মেয়র। পরে সবাই একত্রিত হওয়ার পর তাদের সঙ্গে গ্রুপ ছবি তোলেন মেয়র।
ক্যামেরা হাতে মেয়রের ছবি তোলা দেখে বিস্মিত হয়ে হাততালি দিতে থাকেন সবাই। পাশাপাশি ক্যামেরা হাতে মেয়রের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে।
বিডি ক্লিনের পক্ষ থেকে জানানো হয়, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। দেশের মাটিতে মিশে আছে শহীদদের পবিত্র রক্ত। সেই দেশের মাটিকে প্লাস্টিক দূষণমুক্ত রাখতে ব্যতিক্রমী এই প্লাস্টিক বোতলের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আজ রোববার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এ প্রদর্শনী চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত।
আয়োজন সম্পর্কে বিডি ক্লিনের প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন জানান, জনসচেতনতামূলক এই প্রদর্শনীতে থাকবে ব্যবহৃত প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি ১৯ ফিট বাই ৭১ ফিট একটি নৌকা, যা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন।
এছাড়া থাকবে প্লাস্টিক বোতলের ঢাকনা দিয়ে তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিসহ বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ, রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি এবং নানা ধরনের দৃষ্টিনন্দন সামগ্রী।
বিডি ক্লিনের আয়োজনে এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় রোববার এই আয়োজনের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘জনসচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিডি ক্লিনের এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই। প্লাস্টিকের ব্যবহার আমরা কীভাবে কমাতে পারি, সে বিষয়ে আমাদের এখনই ভাবতে হবে।
যারা প্লাস্টিকের বোতল নিয়ে কাজ করেন, তাদের সঙ্গে আলোচনা করা করে এমন একটি পদ্ধতি বের করতে হবে যেন সেই বোতলের দাম এক টাকা বেশি রাখা হয়। সেই সঙ্গে বোতলটি যিনি পরে ফেরত দেবেন, তাকে ওই এক টাকা ফেরত দেয়া হবে। তাহলে হয়তো বা যত্রতত্র বোতল কেউ ফেলবে না। এমন সব পদক্ষেপের মাধ্যমে আমরা আমাদের শহরের পরিবেশ রক্ষা করতে পারব।’
বিডি ক্লিনের প্রধান সমন্বয় ফরিদ উদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম মঞ্জুর হোসেন, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহম্মাদ নাসির, আমেরিকান কোম্পানি ওয়েস্ট টেকনোলজি এলএলসির সিইও ড. মহিউদ্দিন সরকার প্রমুখ।
বার্তাবাজার/এমকে