৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রি, ডিলারের কারাদণ্ড

সরকারিভাবে সরবরাহকৃত ৪৫ টাকা দরের পেঁয়াজ ৮০ টাকা দরে বাজারে বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার সকালে নির্বাহী মেজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ডিলার আশরাফুল ইসলাম সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে।

আব্দুল্লাহ আল মামুন জানান, গত শনিবার সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়োগকৃত ডিলারদের মাধ্যমে ৫২ কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যা বেলা আশরাফুল শহরের বাসস্ট্যান্ড বাজারে ৮০ টাকা দরে সেই পেঁয়াজ বিক্রি করছিল। স্থানীয়রা অভিযোগ করলে রবিবার সকালে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করেন। তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলা থেকে অবৈধভাবে পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করার পাশাপাশি তার ডিলার অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

বার্তাবাজার/এইচ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর