সিরাজদিখানে শাক-সবজি চাষে হাসিফুটেছে কৃষক লাটমিয়ার মুখে। শাক-সবজি চাষ করে চলে তার সংসার। বছর জুরেই ফুলকপি, বাধাকপি, লালশাক, পালংশাক, লেটুস পাতা, পুদিনা পাতা, চায়মা গ্রাস, ঢেঁড়স, লাউ, মরিচ, বেগুনসহ বিভিন্ন শাক-সবজির পাশাপাশি ধান চাষও করে থাকেন তিনি।
জানা যায়, উপজেলার বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে প্রায় ৫ হেক্টর জমিতে শাক-সবজি চাষ করে থাকেন কৃষক লাটমিয়া। কৃষি অফিসের সহযোগীতায় আগাম সবজি চাষ করে দিন দিন লাভের মুখ দেখছেন বলে জানান কৃষক লাটমিয়া। প্রতিদিন তিনি সবজি নিয়ে ঢাকায় শ্যামবাজার, কাওরন বাজার, যাত্রাবাড়ীসহ বিভিন্ন পাইকারী আড়তে বিক্রি করে থাকেন।
এ বিষয় কৃষক লাট মিয়া বলেন, আমি প্রায় ৫ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের শাক- সবজি চাষ করি। আমার নিজের ১ হেক্টর জমি ও বাকি গুলো ভাড়া নেয়া হয়েছে। তবে এ বিষয় আমাকে সার,বীজ ও তথ্য দিয়ে উপজেলা কৃষি অফিস অনেক সহযোগীতা করেছেন।
এমনকি খরচ কম ও অধিক লাভের পদ্ধতি দিয়ে থাকেন কৃষি অফিস। প্রতিবছরে আমার সকল খরচ বাদ দিয়ে দুই থেকে আড়ায় লক্ষ টাকা লাভ হয়। তিনি আরো বলেন,যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় সঠিক সময় সবজি নিয়ে যেতে সমস্যা হয়।
সিরাজদিখান উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, কৃষক লাট মিয়া আমাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আমাদের পরামর্শে উন্নতমানের বীজ ব্যবহার করে,আধুনিক পদ্ধতি এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ করে থাকেন এবং সে ফসলের ন্যায্য দামও পাচ্ছেন।
বার্তাবাজার/এমকে