পুলিশের কেউ অপকর্মে জড়িত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের এডিসি মোহাম্মাদ শাহেদ মিয়া।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টায় ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসে ছাত্র, কলেজ প্রশাসন ও পুলিশের এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা গুজবপ্রধান জাতিতে পরিণত হয়েছি। এটা আমাদেরকেই প্রতিরোধ করতে হবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিউমার্কেট ও এর আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। যেকোনো অপরাধ সংঘটিত হলে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করুন। আমরা আপনাদের দরজায় চলে আসব।
নিউমার্কেট থানার ওসি স ম কাইয়ুম বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করুন। আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এই এলাকার নিরাপত্তার স্বার্থে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।
মতবিনিময় সভায় উপস্থিত ঢাকা কলেজ ছাত্রলীগের নেতারাও পুলিশকে সহায়তার আশ্বাস দেন। ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা মো. আনজির হোসাইন মতবিনিময় সভা নিয়ে নিজের অভিব্যক্তিতে বলেন, পুলিশ, কলেজ প্রশাসন ও ছাত্রদের এমন মতবিনিময় সভা সত্যি প্রশংসার যোগ্য। এমন আয়োজন চলমান থাকলে সবাই সচেতন হবে, অন্যকেউ সচেতন করতে পারবে।
ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল মাহামুদ বলেন, আমরা সবসময় অন্যায়কে প্রতিহত করেছি। ঢাকা কলেজ ছাত্রলীগ কোনো অন্যায়কেই প্রশ্রয় দেয় না। আমরা চাই ক্যাম্পাসে সবসময় সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক। এসব বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।
ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক ওবায়দুল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় দক্ষিণ ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক আনোয়ার মাহামুদ, ইলিয়াস হলের তত্ত্বাবধায়ক সহযোগী অধ্যাপক আলতাফ মাহামুদসহ বিভিন্ন ছাত্রাবাসের সহকারী তত্ত্বাবধায়কসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এমকে