পর্যটন নগরী কক্সবাজারে অনলাইন ক্যাসিনোর এক শীর্ষ জুয়াড়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক জুয়াড়ী পিংকেল (২৮) শহরতলীর ঘোনারপাড়া এলাকার অমরকান্তি দাশের ছেলে। তিনি পেশায় একজন দন্ত চিকিৎসক।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে আটটা নাগাদ সদর হাসপাতাল সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের দাবী তিনি কারাগারে আটক জেলার শীর্ষ ক্রিকেট জুয়াড়ী এস এম মোস্তফা কামালের অন্যতম সহযোগী।
ডিবি পুলিশের পরিদর্শক মাসুম খাঁন জানান, চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে ঘাপটি মেরে থাকা কক্সবাজারের জুয়াড়ী চক্রটি বিপিএল (ক্রিকেট) কে কেন্দ্র করে অনলাইন জুয়ায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল বলে জেলা গোয়েন্দা পুলিশের নিকট তথ্য ছিলো। জুয়াড়ী এস এম মোস্তফা কামাল জেলা পুলিশের জালে আটকের পর চক্রটির নেতৃত্ব দিচ্ছিলেন পিংকেল নামের ধৃত চিকিৎসক। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদর হাসপাতাল সড়কস্থ এসথেটিক ডেন্টাল কেয়ার নামে একটি দন্ত চিকিৎসালয় থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, গেলো ২৪ অক্টোবর আটক হওয়া জুয়াড়ী এস এম মোস্তফা কামালের স্বীকারোক্তি মতে পিংকেল উক্ত মামলার এজার নামীয় ১৭ নং আসামী।
বার্তা বাজার/ডব্লিও.এস