আবারও সৌদি আরবে ইমরান খান; এবারের সফরের উদ্দেশ্য কী?

সৌদি আরব পৌঁছে মদিনায় মহানবী হজরত মুহাম্মাদ (স.)’র রওজা মুবারক জিয়ারত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত সফরের অংশ হিসেবেই ইমরান খান সৌদিতে গেছেন। আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে তিনি সৌদি নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

তবে আরব সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি পত্রিকা ডন জানিয়েছে, ইমরান খান আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রাজি হওয়ায় সৌদি আরব অসন্তুষ্ট হয়েছে। আর বিষয়টি অবহিত হওয়ার পরই সৌদি সফরের সিদ্ধান্ত নেন ইমরান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের আহ্বানে কুয়ালালামপুর সামিট নামের যে আন্তর্জাতিক সম্মেলন হতে যাচ্ছে তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও কাতারের আমির শেইখ তামিম বিন হামাদ আলে সানি অংশ নেবেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি ও ইন্দোনেশিয়ার জুকো উইদোদো অংশ নিতে পারেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

সৌদি সরকার কুয়ালালামপুর সামিট-কে ভালোভাবে দেখছে না বলে জানা গেছে। সৌদি আরব মনে করছে, এই সামিট মুসলিম বিশ্বে রিয়াদের প্রভাব আরও হ্রাস করবে।

এবারের সফরে ইমরান খান সৌদি-ইরান সম্পর্ক উন্নয়নের চেষ্টাও চালাবেন বলে একটি সূত্র খবর দিয়েছে।।পার্সটুডে।।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর