র্যাব-৪ এর অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। এসময় ৬০০ বোতল ফেন্সিডিল সিরাপ সহ সেগুলো পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক ও জব্দ করেছে র্যাব। শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে আরিফুল ইসলাম (৩৩) কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ী জয়পুরহাট বলে জানা গেছে।
র্যাব-৪ এর এক প্রেস ব্রিফিং এ জানা যায়, শনিবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর নেতৃত্বে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ডিএমপি শাহ আলী থানার নবাবেরবাগ পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় ৬০০ বোতল ফেন্সিডিল, ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক এবং ০১টি মোবাইল ফোন সহ মোঃ আরিফুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব প্রদানকারী মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ জানান, আসামী আরিফুল ইসলামকে গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামী দিনাজপুর জেলার হিলি এলাকা থেকে প্রায়ই লোকচক্ষুর অন্তরালে পাথর ভর্তি ট্রাকে পাথরের নিচে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহন করে ঢাকাসহ আশপাশের এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে আসছিলো।
আটক আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
বার্তাবাজার/কেএ