শ্রীবরদীর শিক্ষাবিদ আবিদ হোসেন আর নেই

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশের চলে গেলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বরেণ্য শিক্ষাবিদ, শিক্ষানুরাগী ও আলোকিত মানুষ পৌর শহরের সাতানী শ্রীবরদী মহল্লার বাসিন্দা ও শ্রীবরদী এ.পি.পি.আই হাই স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মো. আবিদ হোসেন। শনিবার ভোরে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি স্ত্রী, ২ কন্যা, ৩ পুত্র সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বিকাল ৩ টায় শ্রীবরদীর আম গোরস্থান মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

বর্ণাঢ্য কর্মজীবনে মো. আবিদ হোসেন জামালপুরের নান্দিনা উচ্চ বিদ্যালয়, নালিতাবাড়ীর বারোমারী মিশন স্কুল, নয়ানী শ্রীবরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজ, শ্রীবরদী সরকারি কলেজে শিক্ষকতা করেন। সর্বশেষ তিনি শ্রীবরদী এপিপিআই হাই স্কুলে দীর্ঘদিন শিক্ষকতার পর ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের কুরুয়া গ্রামে তার জন্মভূমি হলেও ১৯৭৮ সাল থেকে তিনি শ্রীবরদী সদরের সাতানী শ্রীবরদী গ্রামে বসবাস শুরু করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদীতে। তাকে শেষ বারের মতো একনজর দেখতে তার বাসভবনে সকাল থেকেই বিভিন্ন স্তরের মানুষ ছুটে যায়। মরহুমের জানাজা নামাজে বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের জন সাধারণ অংশগ্রহণ করেন। তার জানাযা নামাজে ইমামতি করেন, মরহুমের প্রথমা মেয়ে জামাই কুরুয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ সোলায়মান হক সেলিম। শিক্ষার আলোয় আলোকিত মানুষ আবিদ হোসেনের মৃত্যুতে শ্রীবরদীর স্তরের মানুষ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর