প্রার্থীর প্রতীক বরাদ্দের আগে কোনও পোস্টার লাগানো যাবে না বলে ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের কারণে কোন প্রকার হতাহতের ঘটনা ও বিশৃঙ্খলা যাতে না ঘটে। সে ব্যাপারে পুলিশ প্রশাসনকে বিশেষ খেয়াল রাখতে হবে। নির্বাচন পরবর্তী সময়ে কোথাও কোন পোস্টার, ব্যানার ও ফেস্টুন ঝুলিয়ে রাখা যাবেনা।
এছাড়াও, স্বচ্ছ সুন্দর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি পুলিশ সহ নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়মিত কেন্দ্র পরিদর্শনের তাগিদ দিয়েছেন। সেই সাথে জনগণকে ইভিএম প্রযুক্তির প্রতি আস্থাভাজন হওয়ার আহবান জানিয়েছেন।
সভায় বোয়ালখালী থানার ওসি এবং ইউএনও অনুপস্থিত থাকায় বেগম কবিতা খানম ক্ষোভ প্রকাশ করেন।
শনিবার সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক কার্য্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার নুরেআলম মিনা, বিজিবি-৮ এর পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মুনীর হোসেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, উপজেলার নির্বাচনী কর্মকর্তারা সহ প্রমুখ।
বার্তা বাজার/এম.সি