চট্টগ্রামকে ১৫৮ রানের লক্ষ্য দিলো রংপুর

বঙ্গবন্ধু বিপিএলের ঢাকা প্রথম পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে চট্টগ্রামকে ১৫৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রংপুর। মোহাম্মদ নাঈমের একক দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে মৌসুমে প্রথম জয়ের অপেক্ষায় থাকা রংপুর।

টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দুই ওপেনার মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ নাঈম। তাদের ৩.১ ওভারের ২৫ রানের সে জুটি ভাঙেন কেসরিক উইলিয়ামস। ৯ বলে ৯ রান করে রায়ান বার্লের হাতে ধরা পড়েন শাহজাদ।

তরুণ মোহাম্মদ নাঈম আরেক প্রান্তে আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকলেও দ্রুতই ফিরে যান টম অ্যাবেল। ৯ বলে ১০ রান করা অ্যাবেলকে ফেরান বার্ল। বেশিক্ষণ টিকতে পারেননি জহুরুল ইসলামও। ১৩ বলে ৬ রান করা জহুরুলকে সাজঘরে পাঠান চট্টগ্রামের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

একপ্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন নাঈম। জহুরুলের বিদায়ের পর নাঈমের সঙ্গে আক্রমণে যোগ দেন অধিনায়ক মোহাম্মদ নবী। নবীর ১২ বলে ২১ রানের ছোট এক ক্যামিওতে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে যায় রংপুর। দলীয় ১১৭ রানের মাথায় নবীকে ফেরান উইলিয়ামস।

দলীয় ১৩৮ রানের মাথায় ফিরে যান নাঈমও। রুবেল হোসেনের বলে মেহেদী হাসান রানার হাতে ধরা পড়ার আগে ৫৪ বলে ৭৮ রান করেন তিনি। তার ইনিংসটি সাজানো ছিলো ৬টি চার ও ৩টি ছয়ের মারে।

নাঈমের বিদায়েই মূলত রংপুরের বড় সংগ্রহের আশা ধূলিস্ম্যাৎ হয়ে যায়। শেষের দিকে তাসকিন আহমেদের ৪ বলে ১১ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে মোহাম্মদ নবীর দল।

রায়ান বার্ল ও কেসরিক উইলিয়ামস দুটি করে উইকেট নেন। ইনজুরি থেকে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ ৪ ওভার হাত ঘুরিয়ে ১ উইকেট নিলেও রান দেন মাত্র ১৭।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর