বগুড়ার শেরপুরের খামারকান্দি গ্রামে ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে শুক্রবার রফিকুল ইসলাম (৪২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়ন ও গ্রামের মজিবর রহমানের ছেলে রফিকুল ইসলাম দিনমজুরির কাজ করে সংসার চালাতেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ চার সদস্যের পরিবার তার। সংসার চালানো ও স্বাচ্ছন্দ্যে জীবিকার জন্য রফিকুল ইসলাম এলাকার বেশকিছু লোকজনের নিকট থেকে ঋণ নেয়। কিন্তু দিনমজুরি করে ঋণের টাকা পরিশোধ করতে পারছিলেন না তিনি।
এমনকি পাওনাদারদের চাপে তার পরিবারের মাঝে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। খামারকান্দি গ্রামের আব্দুল আজিজের ছেলে সূদ ব্যবসায়ী মো. মাসুদ রফিকুলকে দেখা করতে বললে একপর্যায়ে দিশেহারা হয়ে রফিকুল ইসলাম গত বৃহস্পতিবার (১২ডিসেম্বর) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান তিনি।
এ ব্যাপারে পাওনাদার সূদ ব্যবসায়ী মাসুদ বলেন, রফিকুল আমার কাছ থেকে ৪০ হাজার টাকা সুদে গ্রহন করেছে। কিন্তু গ্যাস ট্যাবলেট খাওয়ার আগে আমি তাকে শুধু দেখা করতে বলেছিলাম। পাওনা টাকা দেয়ার জন্য তাকে কোন চাপ সৃষ্টি করিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বার্তা বাজার/এম.সি