কিছু দিন পর সারাদেশে একযোগে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।কিন্তু সেই ফল দেখা হলো না মো. রনি মোল্যা (১৫) নামের এক জেএসসি ফলপ্রার্থীর।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়।
রনি মোল্যা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া পশ্চিমপাড়া এলাকার আসাদ মোল্যার ছোট ছেলে।সে এবছর উপজেলা সদরের অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নেয়।
রনি মোল্যার বড় ভাই তৈয়বুর রহমান বলেন, গত বুধবার রনি মোল্যা জ্বর জ্বর অনুভব করে।পরে তাকে ওষুধ এনে খাওয়ার পর জ্বরের তাপমাত্রা কিছুটা কমে আসে।বৃহস্পতিবার সকালে তার শরীরের তাপমাত্রা আবার বাড়তে থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।সেখানে সে রক্ত বমি করার পর তার অবস্থা বেগতিক হলে কর্তব্যরত চিকিৎসক দুপুরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখান থেকে কিছু পরীক্ষা দেওয়া হয়।পরীক্ষার রিপোর্টে রক্তের স্বাভাবিক প্লাটিলেট দেড় লাখ থাকার স্থলে ৩২ হাজারে নেমে আসায় সেখান থেকে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।পথিমধ্য রাত সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ ঘাট এলাকায় পৌঁছালে রনি মোল্যার মৃত্যু হয়।
শুক্রবার বিকালে তার জানাযা নামাজ শেষে মরদেহ কুচিয়াগ্রাম-নওয়াপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
অনির্বাণ প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের প্রধান শিক্ষক কামরুজ্জামান মাসুদ বার্তা বাজারকে জানান, ‘রনি আমাদের স্কুলের জেএসসি পরীক্ষার্থীদের মধ্যে নিয়মিত ছাত্র ছিল।আমাদের দৃঢ় বিশ্বাস সে পরীক্ষায় ভালো ফলাফল করবে।কিন্তু সেই ফলাফল তার আর দেখা হলো না।’
বার্তা বাজার/ডব্লিও.এস