উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাঁতী পুরাতন ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। এ ঝঁকিপূর্ণ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছে যাত্রীবাহী দূর পাল্লার বাসসহ ভারী যানবাহন। এতে যে কোন সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সরেজমিনে গেলে দেখা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কের উন্নতিকল্পে ফোর লেনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রায় ৭০ বছরের পুরাতন ওই ব্রিজের পাশ দিয়ে বাইপাস রাস্তা নির্মাণ না করে নতুন ব্রিজ নির্মাণ কাজ চলছে। এতে ওই পুরাতন ব্রিজের পাশ থেকে মাটি উত্তোলণ করায় দীর্ঘদিন যাবত মেরামতের অভাবে ব্রিজটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মহাসড়কে অতিরিক্ত যানযটের কারণে ওই ব্রিজের উপর শত শত যানবাহন আটকে পড়ে। এ কারণে ব্রিজটি ভারসাম্য হারিয়ে ভেঙে পড়ার উপক্রম হয়। বড় ধরণের দুর্ঘটনার আশংকার খবর পেয়ে সলঙ্গা থানা, রায়গঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ কয়েক ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর যানজট মুক্ত করে এবং ব্রিজটিকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে।
শুক্রবারও ক্ষতিগ্রস্ত সেতুর উপর দিয়ে শত শত ভারী যানবাহন ঝুঁকি নিয়ে যাতায়াত করে এবং মহাসড়কে সৃষ্টি হয় ব্যাপক যানজটের।
এদিকে বড় ধরনের দুর্ঘটনা ও যানজট নিরসন কল্পে ব্রিজটির পাশ দিয়ে অতি দ্রুত বাইপাস রাস্তা নির্মাণ করছে। আইন শৃঙ্খলা বাহিনী ওই ব্রিজটি সার্বক্ষণিক তদারকি করছেন বলে সংশ্লিষ্ট সড়ক বিভাগ সূত্র থেকে জানানো হয়েছে।
বার্তা বাজার/ডব্লিও.এস