১৫ দিন বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পুনরায় পচনশীল খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল থেকে এ পথে কাঁচামাল আমদানি শুরু হয়। এতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।
আমদানিকারক কামাল হোসেন জানান, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে আমদানিকারকদের আগ্রহ বেশি। কিন্তু কিছু বাণিজ্যিক সমস্যার কারণে বেনাপোল বন্দর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ব্যবসায়ীরা। এখন এ পথে আবারও কাঁচামাল আমদানি শুরু হয়েছে। ফলে ব্যবসায়ীরা যেমন লাভবান হবেন তেমনি সরকারের রাজস্ব আয়ও বাড়বে।
বন্দর শ্রমিকরা জানান, কাঁচামালের আমদানি বন্ধ থাকায় তাদের আয় রোজগার বন্ধ হয়ে গিয়েছিলো প্রায়। এখন তাদের কষ্ট কিছুটা হলেও কমবে।
বেনাপোল কাস্টমস হাউজ এর সহকারী রাজস্ব কর্মকর্তা ইনামুল হক জানান, কাচামাল আমদানি বৃহস্পতিবার থেকে পুনরায় শুরু হয়েছে। বর্তমানে বন্দরে ২৪ ঘণ্টা বাণিজ্যিক কার্যক্রম চলমান রয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারে সে জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
জানা যায়, যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪শ থেকে ৫শ ট্রাক পণ্য আমদানি হয়ে থাকে। এসব পণের মধ্যে ৩৫ থেকে ৪০ ট্রাক রয়েছে মাছ, পানপাতা, আপেল, লেবু ও টমেটোসহ বিভিন্ন পচনশীল খাদ্যদ্রব। প্রতিদিন এসব আমদানি পণ্য থেকে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আসে।
উল্লেখ্য, ঘোষণা ছাড়া অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগ এনে গত ৩০ নভেম্বর বিজিবি সদস্যরা আমদানি কারকদের ৯ ট্রাক পানপাতা আটক করে। ব্যবসায়ীরা এটাকে হয়রানি অভিযোগ এনে বেনাপোল বন্দরে খাদ্যদ্রব জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে দেয়।
বার্তাবাজার/কে.জে.পি