নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠানের পালন করেছে কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় কলেজের রজত জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন বিভাগের প্রতিষ্ঠাকালীন প্রধান ও কলেজের সাবেক অধ্যক্ষ রজব আলী মোল্লা। পরে একটি আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গনে এসে শেষ হয়। সেখানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল বাছেদ মন্ডল।
দিনাজপুর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণি বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল জলিল, কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হাম্মাদুল বারী, বিভাগের সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন, রংপুর কারমাইকেল কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রধান নাজমা বেগম, সরকারি কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দাইমুল ইসলাম, আয়োজক কমিটির আহ্বায়ক চিত্ত রঞ্জন মহন্ত, সদস্য সচিব বাবুল হোসেন, সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘১৯৪১ সালে কলকাতা রিপন কলেজের শাখা হিসেবে যাত্রা শুরু করে দিনাজপুর সরকারি কলেজ। পরবর্তীতে ১৯৪৮ সালে এটি সুরেন্দ্রনাথ কলেজ (এসএন) কলেজ নামে প্রতিষ্ঠিত হয় ও খ্যাতি লাভ করে।
১৯৬৮ সালে প্রাদেশিকীকরন করার ফলে কলেজটি দিনাজপুর সরকারি কলেজ নামে পরিচিতি লাভ করে। ১৯৯৩ সালে এই কলেজে উদ্ভিদবিজ্ঞান বিভাগ চালু করা হয়। তারপর থেকে বর্তমান সময় পর্যন্ত মোট ২৫টি ব্যাচের শিক্ষার্থীরা এখান থেকে পড়াশোনা করে আজ দেশের অনেক বড় বড় জায়গায় আছে।
বার্তাবাজার/এমকে