চতুর্থ দিনের মত অনশনে জুটমিল শ্রমিকরা, ১৭ শ্রমিক অসুস্থ

মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি আদায়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) চতুর্থ দিনের মত আমরণ অনশন অব্যাহত রেখেছে নরসিংদীর ইউএমসি জুটমিলের শ্রমিকরা।

অব্যাহত অনশনে অংশ নিয়ে শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন ১৭জন শ্রমিক। এরমধ্যে ১১ জনকে হাসপাতালে ও বাকিদেরকে অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

রাতভর শীত উপেক্ষা করে কাঁথা বালিশসহ অনশনস্থলে অবস্থান করছেন শত শত শ্রমিক। সকালেও দেখা গেছে শীত উপেক্ষা করে ঘুমিয়ে রয়েছেন শ্রমিকরা।

টানা অনশনের ফলে বয়স্ক শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ছেন। তাদের অনশনস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর অসুস্থ হয়ে ১১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শ্রমিকদের আমরণ অনশনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে জুটমিলে। মিলের উৎপাদন বন্ধ হওয়াসহ প্রবেশ করতে পারছে না পাটবাহী কোন ট্রাক। প্রবেশ করতে পারছেন না জুটমিলের কর্মকর্তারাও।

এর আগে, গত মঙ্গলবার থেকে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিক সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের উদ্যোগে এ আমরণ অনশন কর্মসূচী শুরু করেন পাটকল শ্রমিকরা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর