খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করায় বগুড়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন উচ্চ আদালত কর্তৃক না মঞ্জুর হওয়ার প্রতিবাদে বগুড়ায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে বগুড়া জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে আদালতের আদেশের পরপরই দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টার দিকে কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসেন তারা । এতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেয়ার পর নির্যাতনের মাত্রা আরো বৃদ্ধি করা হয়েছে। সরকার বেগম জিয়াকে তার ন্যায়সঙ্গত অধিকার জামিন থেকেই কেবল বঞ্চিত করছে না, বরং শারীরিকভাবে ভীষণ অসুস্থ একজন বয়স্কা নারীকে সুচিকিৎসা থেকেও বঞ্চিত করছে। আমরা মনে করি, সরকারের হস্তক্ষেপেই আদালত তা খারিজ করেছেন। খালেদা জিয়াকে কারামুক্ত করতে সকল বাধা উপেক্ষা করে রাস্তায় নামতে হবে। আমরা বগুড়াবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনে মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো।

সমাবেশে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, লাভলী রহমান, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন প্রমুখ।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর