সৈয়দ আশরাফ স্মৃতি গোল্ডকাপে নেত্রকোণাকে হারিয়ে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ

খান বাদার্স গ্রুপ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর শিরোপা জিতেছে স্বাগতিক কিশোরগঞ্জ জেলা। আজ বৃহস্পতিবার টুর্নামেন্টের ফাইনালে ২-০ গোলে নেত্রকোনা জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কিশোরগঞ্জ জেলা দল। কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের পুরাতন স্টেডিয়ামে বিকালে টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল ও বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এছাড়া আমন্ত্রিত অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরুর সহধর্মিণী ক্রীড়া ব্যক্তিত্ব কামরুন্নেছা আশরাফ।

ফাইনাল ম্যাচ উপভোগ করতে দুপুরের আগে থেকেই দর্শকের ঢল নামে স্টেডিয়ামে। স্টেডিয়ামভর্তি দর্শক ফাইনাল খেলা উপভোগ করেন। ফাইনালে কিশোরগঞ্জের জয়ের পর বাঁধভাঙ্গা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে পুরো স্টেডিয়ামে। হাজার হাজার দর্শক কিশোরগঞ্জের জয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

গত পহেলা ডিসেম্বর থেকে শুরু হওয়া টুর্নামেন্টে ঢাকা বিভাগের চারটি জেলা কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও টাঙ্গাইল এবং ময়মনসিংহ বিভাগের চারটি জেলা ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা এই আটটি জেলার ফুটবল দল অংশহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর