ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর বিজনেস ক্লাবের আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী তরুণ উদ্যোক্তা মেলা। ১০ ডিসেম্বর মঙ্গলবার ইউল্যাবের মোহাম্মদপুরস্থ স্থায়ী ক্যাম্পাসে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ইমরান রহমান। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তাদের দেয়া স্টলগুলো ঘুরে দেখেন ও তাদের অভিনন্দন জানান।
শিক্ষার্থীরা তাদের বৈচিত্র্যপূর্ণ ব্যবসার প্রদর্শনী সাজিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। কেউ করছেন ফাস্টফুডের ব্যবসা, আবার কেউ করছেন বইয়ের ব্যবসা, কেউবা করছেন কসমেটিকসের ব্যবসা। তরুণ উদ্যোক্তারা তাদের ব্যবসার আধুনিকায়ন ও ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়েছেন নানাবিধ উদ্যোগ। সে উদ্দেশ্যে সরাসরি বিক্রির পাশাপাশি অনলাইনেও ব্যবসা পরিচালনায় যথেষ্ট সরব তারা।
শিক্ষার্থীরা নিজ উদ্যোগে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং তা প্রসারে নিজেরাই কাজ করে যাচ্ছেন। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন এর মাধ্যমে তারা নিজেদের ব্যবসা সম্পর্কে মানুষকে জানাতে পারছেন একইসাথে নিজেদের পণ্য ও ব্যবসায়িক কৌশলও শাণিত করার সুযোগ পাচ্ছেন। প্রতি সেমিস্টারে এ ধরনের মেলার আয়োজন হলে উদ্যোক্তারা নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে আরো অনুপ্রাণিত হবেন বলে মনে করেন।
মেলায় অংশ নেয়া তরুণ উদ্যোক্তাদের ব্যবসাকে আরো সমৃদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দর্শনার্থীরা তাদের নানাবিধ পরামর্শ প্রদান করেন। একটি সফল আয়োজন সম্পন্ন করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করার পাশাপাশি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।
বার্তা বাজার/ডব্লিও.এস