বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা অবস্থান করছেন।
সকাল থেকে কার্যালয়ের ভেতরে কিছু নেতাকর্মী প্রবেশ করতে দেখা গেলেও কার্যালয়ের সামনে একদম নেতাকর্মী শূন্য। বেলা বাড়লে মহিলা দলের কিছু নেতাকর্মী কার্যালয়ে প্রবেশ করেন। বেলা সাড়ে ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে মহিলা দলের কিছু নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তি দাবিতে স্লোগানও দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ ইউনূসকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে কিছুক্ষণ অবস্থান করে দুপুর সোয়া ১২টার দিকে তিনি বের হয়ে যান।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার খালেদার জামিন আবেদনের শুনানি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হয়েছে। খালেদার এ জামিন আবেদনের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শুনানিতে দুই পক্ষে ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবীকে প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। এর বাইরে কোনো আইনজীবীকে এজলাসে ঢুকতে দেয়া হয়নি।
বার্তাবাজার/এমকে