সন্ত্রাসী খালেদের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার সংবাদ সম্মেলন

লোহাগাড়া উপজেলার যুবলীগ নামধারী ‘সন্ত্রাসী’ বাদশা খালেদ ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট ও নিপীড়িত এলাকাবাসীর পক্ষ হতে মুক্তি কামনা করে সংবাদ সম্মেলন করেছেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

বুধবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নামধারী যুবলীগ নেতা খালেদের বিরুদ্ধে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বলেন, খালেদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট, আতঙ্কিত ও ঘর ছাড়া। এলাকাবাসী আর সহ্য করতে পারছেনা। তাঁরা খালেদ ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকান্ড হতে পরিত্রাণ চায়।

সংবাদ সম্মেলনে জনাব দেলোয়ার হোসেন বলেন, বাদশা খালেদ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ী এলাকার আবদুল মান্নানের ছেলে। খালেদ মূলত একজন সন্ত্রাসী ও চাঁদাবাজ। পুলিশের সাথে সখ্যতার সুবিধায় স্থানীয় সংসদ সদস্যের নাম ভাঙ্গিয়ে সে নানান অপকর্ম করে। সে নিজেকে লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচয় দিলেও তার কর্মকান্ড নিতান্তই অসাংগঠনিক।

দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, গত ১৫ দিন ধরে বাদশা খালেদ এক মুক্তিযোদ্ধারসহ ২০টি সংখ্যালঘু পরিবারের আবাদী জমি থেকে জোরপূর্বক মাটি তুলে নিয়ে যাচ্ছেন। তার সন্ত্রাসী বাহিনী অস্ত্রের মহড়া দিয়ে প্রকাশ্যে মানুষের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। ভয়ে এলাকাবাসী কোন প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। উল্টো অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে কিছুদিন আগে তার বাহিনীর হামলার শিকার হন দুই উপজেলা ভূমি অফিস কর্মকর্তা।

অভিযোগ জানাবার এক সময় কান্নায় ভেঙে পড়েন মুক্তিযোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের কাছে জিম্মি হওয়ার জন্য কি দেশ স্বাধীন করেছি? তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহসও পাচ্ছে না। তার খুঁটির জোর কোথায়?”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ভুক্তভোগী তাপসী দাশ, স্থানীয় ব্যবসায়ী নিখিল দাশ, মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন সাংবাদিক প্রতিনিধি।

বাদশা খালেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন সব অভিযোগ সম্পর্কে বাদশা খালেদ সংবাদ মাধ্যমকে জানান, “তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা, বানোয়াট ও প্রতিহিংসামূলক। শুধু তাই নয়, অভিযোগকারী দেলোয়ার হোসেনকে তিনি আদৌ চিনেন না জানেন না।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর