প্রথম ম্যাচের টস নিয়ে চলছে সমালোচনা

সিলেট থান্ডারকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএল শুরু করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু ম্যাচে চট্টগ্রামের পক্ষে টস করতে নামেন রিয়াদ এমরিত। যা সবাইকে অবাক করে। নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেননি।

তার জায়গায় দলকে নেতৃত্ব দেয়ার কথা ছিলো ইমরুল কায়েসের। গত আসরের শিরোপাজয়ী দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কও ছিলেন কায়েস। কিন্তু চট্টগ্রামের হয়ে টস করতে এলেন উইন্ডিজের রিয়াদ এমরিত। দলকে জেতাতে ইমরুলের ব্যাট দারুণ সহায়তা করে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে হয়ে আসলে ইমরুলকে প্রশ্ন ছুড়ে দেয়া হয় অধিনায়কত্ব নিয়ে। জবাবে ইমরুল বলেন, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই তার বদলে এমরিতকে নেতৃত্ব দেওয়া হয়েছে।

ইমরুল বলেন, এটা পুরোটাই টিম ম্যানেজমেন্টের ব্যাপার। উনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। হয়ত বিদেশি ক্রিকেটারকে দিয়ে বেশি ভালো অধিনায়কত্ব হবে তাই তাকে দিয়েছে। যাকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে সে আগে অনেক অধিনায়কত্ব করেছে।

ও অনেক অভিজ্ঞ। হয়ত টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছেন আমার চেয়ে ব্যাটার অপশন উনি, উনি ভালো করবে। এটা সবকিছু চিন্তা করেই আসলে দেওয়া হয়েছে।

আরো একটি ম্যাচ খেলতে পারবেন না মাহমুদুল্লাহ। তারপরই ফিরে আসবেন এবং দলকে নেতৃত্ব দেবন। সে পর্যন্ত এমরিতই দলকে নেতৃত্ব দেবেন বলে জানালেন ইমরুল। তিনি বলেন, এটা তো দুই ম্যাচের ব্যাপার ভাই। তারপর তো রিয়াদ ভাই চলে আসবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এমন সিদ্ধান্তে অনেকেই খুশি হতে পারেননি। তবে এ প্রসঙ্গ বেশিদূর নিতে চান না ইমরুল। তিনি বলেন, ভাই এগুলো বরং ভুলে যাই। সবকিছু বদলে যায়। পরের দিন কী হবে সেটাই কথা।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর