ভারতের ঝাড়খণ্ডে বাঘের হানায় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রদেশটির রামকান্দা থানা এলাকার কুশওয়ার গ্রামে এ ঘটনা ঘটে। ৪০ বছর বয়সী ওই নারীর নাম কলসিয়া দেবী।
এলাকাবাসী সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, জঙ্গলের খুব কাছেই ছিল কলসিয়া দেবীর কুঁড়েঘর। পাশেই আরও কয়েকটি কুঁড়েঘরে বেশ কয়েকজনের বাস। এ এলাকায় প্রায়ই জঙ্গল থেকে পশুদের গর্জন শুনতে পেতেন বাসিন্দারা। অনেককে হিংস্র পশুর পেটে যেতে হয়েছে, এই কথাও তাদের অজানা ছিল না। তবু বুকে ভয় নিয়েই তারা থাকেন সেখানে।
মঙ্গলবার কলসিয়া দেবী নিজের কুঁড়েঘরে বসে মাংস রান্না করছিলেন। সেই গন্ধ পেয়েই হানা দেয় এক বাঘ। মাংসের খোঁজে জঙ্গল থেকে বেরিয়ে এসে সে সোজা ঢুকে পড়ে কলসিয়া দেবীর ঘরে। ভেতরে ওই নারীকে বসে থাকতে দেখে, তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি।
মুখে করে ওই নারীকে টানতে টানতে সে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। সাহায্যের জন্য তখন চিত্কার করছিল কলসিয়া। চিত্কার শুনে মানুষজন ছুটে এলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।
এ ঘটনার কথা স্বীকার করেছে বন দফতরও। তবে তাদের দাবি, বাঘ নয়, কলসিয়াকে মেরেছে এক চিতাবাঘ। এর আগেও ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে। তবে সরকারের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে গ্রামবাসী।
বার্তাবাজার/এমকে