নিষেধাজ্ঞার খাঁড়ায় পড়ে সাকিব নেই। ‘পঞ্চ পান্ডবের’ আরেক সদস্য মাহমুদউল্লাহ রিয়াদও শুরু থেকে খেলতে পারবেন না। বুধবার এবারের বিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলা হচ্ছে না তার। তবে ফটোসেশনে তিনিই আসলেন। চট্টগ্রামের অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখা গেল অধিনায়কদের আনুষ্ঠানিক ফটোসেশনে।
কিন্তু সেটা শুধুই আনুষ্ঠানিতা। আসলে হ্যামস্ট্রিং ইনজুরি প্রথম দুই ম্যাচ থেকে ছিটকে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। এ অলরাউন্ডারের বদলে বাঁ-হাতি ওপেনার ইমরুল কায়েস নেতৃত্ব দেবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে।
উদ্বোধনী ম্যাচে কে জিতবে? কার জয়ে শুরু হবে এবারের বিপিএল? চট্টগ্রাম চ্যালেঞ্জার্স নাকি সিলেট থান্ডার্স? তা ছাপিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের খেলতে না পারা বড় হয়ে দেখা দিয়েছে।
সন্দেহ নেই রিয়াদের মত একজন জেনুইন এবং বিপিএলের অন্যতম সফল পারফরমার খেলতে না পারার অর্থ শক্তি কমে যাওয়া। খুব স্বাভাবিকভাবেই চট্টগ্রাম পুরো শক্তি নিয়ে খেলতে নামতে পারছে না। আর রিয়াদের না থাকাটা বিপিএলের উদ্বোধনী ম্যাচের আকর্ষণকেও কমিয়ে দিয়েছে অনেকটা।
রিয়াদের মত ভাইটাল প্লেয়ারকে মিস করছেন চট্টগ্রামের প্রথম ম্যাচের অধিনায়ক ইমরুল কায়েসও। রিয়াদের ঘাটতি পোষানো কঠিন। কারণ তিনি একাধারে ব্যাটসম্যান, পাশাপাশি অফস্পিনারও। তাই তার না থাকার অর্থ টিম কম্বিনেশন তৈরিতে বাড়তি ঝক্কি।
আর তাইতো ইমরুলের মুখে এমন কথা, ‘রিয়াদ ভাইয়ের না থাকায় ডিফিকাল্ট কম্বিনেশনটা এডজাস্ট করা। উনাকে দুটো ম্যাচ মিস করবো। ফরেন প্লেয়ারও খেলতে পারে, আবার লোকাল প্লেয়ারও খেলতে পারে ওই জায়গাটায়। এই জায়গাটা রিকভারি করাটা ডিফিকাল্ট। যারাই এই জায়গায় সুযোগ পাবে তাঁরা এটা ইউটিলাইজড করার চেষ্টা করবে।’
তারপরও ইমরুল চান জয় দিয়ে শুরু করতে। মানছেন বিপিএল চ্যালেঞ্জিং টুর্নামেন্ট, ‘প্রথম থেকে সবাই জানি এটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। অধিনায়ক হিসেবে মনে করি আমাদের দলের জন্যও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা জেতার জন্যই নামব। জেতার চ্যালেঞ্জই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
বার্তা বাজার/ডব্লিও.এস