বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় নাগরিক আটক

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ১৪ ভারতীয় জেলেকে ট্রলারসহ আটক করেছে কোস্টগার্ড। বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করায় তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোররাতে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করে কোষ্টগার্ড।

আটক জেলেদের কাছ থেকে এফবি মা আম্বিয়া-০২ নামে একটি ট্রলার এবং ট্রলারে থাকা এক হাজার ২২০ কেজি বিভিন্ন প্রজাতির মাছসহ জাল ও দড়ি জব্দ করা হয়। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি মা আম্বিয়া-০২ নামে একটি মাছ ধরার ট্রলার নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। মাছ ধরার সময় কোস্টগার্ডের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

মোংলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটক জেলেদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর