শহীদ বুদ্ধিজীবী দিবস পালনে ইবিতে কর্মসূচি গ্রহণ

শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের লক্ষ্যে নানা কর্মসূচী গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।

জানা যায়, দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত এবং কালোব্যাজ ধারণ করা হবে।

পতাকা উত্তোলন শেষে সকাল ৯টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী ও উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমানের নেতৃত্বে একটি শোক র‌্যালি বের হবে। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের পাদদেশে এসে শেষ হবে।

সেখানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ স্মৃতিসৌধে প্রথম পুষ্পস্তবক অর্পণ করবেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তাঁর সাথে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব এস. এম. আব্দুল লতিফ।

এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন প্রগতিশীল ছাত্র ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধের পাদদেশে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর