ডাক্তার ঘুমে মগ্ন থাকায় রোগীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ডাক্তার ঘুমে মগ্ন থাকায় আব্দুল মমিন (৬০) নামে এক হত-দরিদ্রের মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা এ তদন্ত কমিটি গঠন করেন। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুই কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।

শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবিরকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের গাইনি ও অবস বিভাগীয় প্রধান ডা. মাহবুবা বেগম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. ফরিদুল ইসলাম।

সোমবার (২ ডিসেম্বর) রাতে ডাক্তার ঘুমে মগ্ন থাকায় সিরাজগঞ্জ ২৫০ শস্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে সিরাজগঞ্জ পৌরসভার ধানবান্ধি কলেজ পাড়া মহল্লার আব্দুল মমিন (৬০) এর মৃত্যুর অভিযোগ উঠে। পরে বিষয়টি মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে অনলাইন নিউজ পোর্টাল ‘বার্তা বাজার’ সহ স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় প্রতিবেদনটি প্রকাশ হলে কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় এ তদন্ত কমিটি গঠিত হয়।

উল্লেখ্য যে, রোববার (১ ডিসেম্বর ) হাসপাতাল ফটকে সন্তান প্রসবের ঘটনায় জেলা প্রশাসকের তদন্ত কমিটি গঠন ছাড়াও হাসপাতালের তত্ত্বাবধায়ক তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। যার প্রধান দায়িত্বে রয়েছেন শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুমায়ন কবির।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর