৯ ডিসেম্বর নকলা হানাদার মুক্ত দিবস আজ

আজ ঐতিহাসিক ৯ ডিসেম্বর, শেরপুরের নকলা উপজেলার হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে মরণপণ যুদ্ধ করে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে ১১নং সেক্টরের আওতায় নকলা অঞ্চলকে হানাদার মুক্ত করে বিজয়ের পতাকা উড়ান।

মুক্তিবাহিনীর কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে টু-আইসি আব্দুর রশিদ ও সিকিউরিটি অফিসার একলিম শাহ্সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা নকলাকে হানাদারমুক্ত করতে খন্ড খন্ড সম্মুখ যুদ্ধে অংশ নেন। এসব যুদ্ধে ১৯ জন মুক্তিযোদ্ধা শহীদ হন। মুক্তিযোদ্ধাদের হামলায় পাকিস্তানি হানাদার বাহিনী পিছু হটলেও মুক্তিযোদ্ধারা ১৩০ জন রাজাকার-আলবদরকে বন্দি করেন। ১৯৭১ সালের ৯ ডিসেম্বর সকাল ১১টায় নকলা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন।

নকলায় প্রথম পতাকা উত্তালনের সময় মিত্র বাহিনীর মেজর রানা সিংহ, লেফট্যানেন্ট আবু তাহের, ইপিআর ওয়ারলেস অপারেটর ফরহাদ হাসান, কোম্পানি কমান্ডার গিয়াস উদ্দিন মাস্টার এবং নকলা, শেরপুর ও নালিতাবাড়ীর প্লাটুন কমান্ডার যথাক্রমে নূরুল ইসলাম হিরু, এবি সিদ্দিক, জমির উদ্দিন, কোয়ার্টার মাস্টার জুলহাস উদ্দিন ফকিরসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী হাজারো জনতা উপস্থিত ছিলেন।

আজ এ দিবসটির স্মরণে নকলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, আমরা মুক্তি যোদ্ধার সন্তান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক কমান্ডার স্মৃতি সংসদসহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর