নিখোঁজের ৫ দিন পর মিলল ছাত্রলীগ নেতার লাশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছাত্রলীগ নেতা রনি বিশ্বাসের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্ঘটনার পাঁচ দিন পর আজ সোমবার সকালে ঢাকার দোহার এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, গত ৫ ডিসেম্বর হরিরামপুরের একটি চরে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে যাওয়ার সময় তাদের ট্রলারের সঙ্গে একটি বলগেটের ধাক্কা লাগে। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সবাই সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হলেও রনি বিশ্বাস নিখোঁজ হন।

পরে স্থানীয়রাসহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। সোমবার সকালে দোহার থানার প্রাণকুন্ডু এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

খবর পেয়ে হরিরামপুর থানার পুলিশ এবং রনি বিশ্বাসের মামা বিল্লাহ ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা লাশটি রনির বলে শনাক্ত করেন। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

রনি বিশ্বাস হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের হাসমিলান গ্রামের আবদুল কাদেরের বড় ছেলে। তিনি হরিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর