আমি ইহুদিদের সবচেয়ে ভালো বন্ধু: ট্রাম্প
ইসরাইলে পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে অবরুদ্ধ গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে ইসরাইল। রোববার গাজা থেকে রকেট ছোঁড়ার প্রতিবাদে এ হামলা চালানো হয়েছে বলে দাবি তেল আবিবের।
রকেট হামলা বন্ধ না হলে গাজার শাসকগোষ্ঠীকে কঠোর পরিণতি ভুগতে হবে বলে হুঁশিয়ার করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী। ইসরাইলের উস্কানি কোনোভাবে সহ্য করা হবে না বলে পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। এরমধ্যেই, ইসরাইলে পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ইসরাইলের সামরিক বাহিনী জানায়, রোববার দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য কোরে গাজা থেকে তিনটি রকেট ছোঁড়া হয়। যার জন্য অঞ্চলটির শাসকগোষ্ঠী হামাসকে দায়ী করছে তারা। তিনটি রকেট প্রতিহত করা হয়েছে বলেও দাবি ইসরাইলি বাহিনীর।
কয়েক ঘণ্টা পরই, অবরুদ্ধ গাজায় হামাসের সশস্ত্র বাহিনী কাসেম ব্রিগেডের অবস্থান লক্ষ্য কোরে বিমান হামলা চালায় ইসরাইল। রকেট হামলা বন্ধ না হলে আরো কঠোর জবাবের হুমকি ইসারইলি প্রধানমন্ত্রীর। বিনইয়ামিন নেতানিয়াহু বলেন, রকেট হামলা অব্যাহত থাকলে হামাসের সঙ্গে কোনো চুক্তিই থাকবে না। তিন সপ্তাহ আগে গাজার সন্ত্রাসীরা যে ভয়াবহতা দেখেছে, তাদের বিরুদ্ধে আরো কঠোর হবো আমরা।
রকেট হামলার জন্য ইসরাইল হামাসকে দায়ী করলেও গাজার পক্ষ থেকে এ বিষয়ে কিছু নিশ্চিত করা হয়নি। তবে হামাস জানিয়েছে, উস্কানিমূলক বিমান হামলার জন্য ইসরাইলকে অবশ্যই শাস্তি পেতে হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে নিজেকে ইহুদিদের সবচেয়ে ভালো বন্ধু বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। আত্মরক্ষায় ইসরাইলকে সবধরনের সহায়তা দিয়ে যাওয়ারও ঘোষণা দেন তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘সম্প্রতি ইসরাইলিরা রকেট হামলা সহ্য করতে হচ্ছে।
মার্কিন প্রশাসন স্পষ্ট কোরে জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরাইলের আত্মরক্ষাকে সমর্থন করে। গাজার সন্ত্রাসীগোষ্ঠী হামাসের নিকট আটক ইসরাইলিদের মুক্তির পাশাপাশি নিহত ইসরাইলি সেনাদের মরদেহ ফেরত দেয়ার আহ্বান জানাই।’
এরমধ্যেই, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাত করেছেন মধ্যপ্রাচ্যে নিযুক্ত চীনা বিশেষ দূত ঝিয়া জুন। তবে তাদের আলোচনার বিষয়ে কিছু জানা যায়নি।
বার্তাবাজার/এমকে