কক্সবাজারের টেকনাফে নাফ নদী সংলগ্ন পৌরসভা ৩নং ওয়ার্ড কেকে পাড়ায় সরকারি চিংড়ি খামারের পার্শ্ববর্তী খালের পানিতে ভাসমান অবস্থায় গত ১১ সেপ্টেম্বর সকালে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া যায়। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
তবে উদ্ধারের তিন মাস অতিবাহিত হয়ে গেলেও লাশটির সঠিক পরিচয় ও কারা এই হত্যাকাণ্ডে জড়িত ছিল তার আসল রহস্য বের করতে পারেনি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, লাশটি উদ্ধারের সময় হালকা পচনশীল অবস্থায় ছিল। মৃতদেহটির তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।
পরবর্তী সময়ে লাশের ময়নাতদন্ত রিপোর্ট পর্যালোচনায় ‘অজ্ঞাত পুরুষকে (৩৫) হত্যা করা হয়েছে’ মর্মে ময়নাতদন্ত রিপোর্ট প্রদানকারী ডাক্তার মতামত প্রদান করলে হত্যা মামলাটি রুজু করা হয়।
অজ্ঞাতনামা লাশটির ব্যাপারে করা মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মোহাম্মদ বাবুল বলেন, ‘কেউ যদি ছবি দেখে লাশটির আসল পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে ০১৮২০০২৫৮৬৬ নম্বরে যোগাযোগ করবেন।’
পরিচয় শনাক্ত হলে মামলার পরবর্তী কার্যক্রম ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসা সম্ভব বলেও জানান ওই তদন্তকারী কর্মকর্তা।
বার্তাবাজার/কেএ